
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির দিঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়ে পড়েছে। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার অভিযান চলমান রয়েছে। নিখোঁজ গৃহবধূ মিতারা গ্রামের মৃত সেন্টু শেখের স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে টঙ্গীবাড়ি ফায়ার স্টেশনে খবর আসে যে, উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে এক নারী নিখোঁজ হয়ে পড়েছে। এ খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীতে নিখোঁজ গৃহবধূর সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করছে।
ওই কর্মকর্তা জানিয়েছে, নিখোঁজ গৃহবধূ জাহানারা বেগমকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছেন।