
আদরের পোষা বিড়াল হারিয়ে যাওয়ার পর তা খুঁজে পেতে গ্রামে গ্রামে মাইকিং শুরু করেছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এক গৃহবধূ। বিড়ালটির সন্ধানে তিনি পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামেও ঘুরে মাইকিং করছেন বলে জানা গেছে।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় ডিডি শাহবাজপুর, দশসিকা ও কর্ণসূতি গ্রামে মাইকিং করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিডি শাহবাজপুর গ্রামের ধনী আকন্দের স্ত্রী আমিনা বেগম প্রায় ১৪ মাস আগে একটি পুরুষ বিড়াল লালন-পালন শুরু করেন। গত রোববার দুপুর ২টার পর থেকে বিড়ালটি নিখোঁজ হলে তিনি দুশ্চিন্তায় পড়েন। বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেও না পেয়ে পরে আশপাশের গ্রামগুলোতে মাইকিং শুরু করেন তিনি।
গৃহবধূ আমিনা বেগম বলেন, ‘আমার দুই কন্যা সন্তান, তাদের বিয়ে হয়ে গেছে। আমি ওই পুরুষ বিড়ালটিকে নিজের ছেলের মতো আগলে রাখি। সব খাবার বিড়ালটি খায় না। যেসব নির্দিষ্ট খাবার খায় সেসব খাবার কিনে এনে খাওয়াই। বিশেষ করে কাঁচা মাছ খায় না, মাছ ভেজে দিতে হয়। আবার কাঁচা দুধ খায় না, দুধ ফুটানোর পর ঠাণ্ডা করে দিলে খায়।’
তিনি আরও বলেন, ‘বিড়ালটি হারিয়ে যাওয়ার পর থেকে আমি ঠিকমতো খাবার খেতে পারছি না। এতে অসুস্থ হয়ে পড়েছি। কবিরাজ বাড়ি গিয়েছিলাম, কবিরাজ বলেছে বিড়ালটি কেউ আটকে রেখেছে। তাই বিড়ালের সন্ধানে নিজেই মাইকিং করতে বেরিয়ে পড়েছি।’ তিনি বিড়ালটির সন্ধান পেলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন।
আমিনার বর্ণনা অনুযায়ী, বিড়ালটির গায়ের রং লাল এবং পায়ের কিছু অংশ সাদা। পেট তুলনামূলক মোটা হওয়ায় হাঁটার সময় পেট দুলে ওঠে।