
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিবৃতিতে বলা হয়, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বৃষ্টি আইনে ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতেও বৃষ্টি আইনে ৮৬ রানের ব্যবধানে জয় পায় টাইগাররা।
তারেক রহমান বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্য দেশের জন্য গর্বের। এই অর্জন ভবিষ্যতে খেলাধুলায় তরুণদের আরও অনুপ্রাণিত করবে।
তিনি আরও আশা প্রকাশ করেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল আগামী দিনগুলোতে বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে।
এছাড়া তিনি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে এই ঐতিহাসিক অর্জনের জন্য অভিনন্দন জানান।