
খাগড়াছড়ি সদর উপজেলার শালবন গেইট এলাকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অর্পনা ধর নামের এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রাকালে চাকার সঙ্গে ওই শিক্ষিকার ওড়না পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন। পরে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অর্পনা ধর খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এডিসি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্থানীয় অপু ধরের স্ত্রী। তাদের যমজ দুই সন্তান রয়েছে বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানা সূত্রে জানা গেছে, মৃত্যুর ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।