
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই কিশোর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) মেঘনা ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকার ফারুক ভৃষ্ণার ছেলে মো. কায়েস ভৃষ্ণা (১৩) এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ (১৫)।
জানা গেছে, নিহতসহ সাত স্কুল শিক্ষার্থী বন্ধু দুপুর আড়াইটার পর সোনারগাঁ অংশে মেঘনা নদীতে গোসলে নামেন। নদীতে নামার কিছুক্ষণ পর কায়েস ও মেরাজ পানিতে তলিয়ে যান। পরে তাদের সঙ্গে থাকা বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে স্থানীয়দের সহায়তা চান। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গণি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাত বন্ধু মিলে গোসলে নেমে এই দুজন তলিয়ে যায়। পরে খবর পেয়ে আমাদের ডুবুরি দল আড়াই ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে।’