
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর এম.আর. রেসিডেন্সিয়াল একাডেমিতে একটি প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও এক শিক্ষার্থীর অভিভাবকের মধ্যে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গত বুধবার (১৭ জুন) শম্ভুপুর খাসের হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্লে শ্রেণির শিক্ষার্থী মো. লাভিবের পিতা আহসানুল হক মমিন কয়েকদিন আগে সন্তানের জন্মনিবন্ধনের কাজে ব্যবহারের জন্য বিদ্যালয় থেকে একটি প্রত্যয়নপত্র নেন। পরে তিনি প্রত্যয়নপত্রে সংশোধন ও স্বাক্ষরের বিষয় নিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ঘটনার পর খাসের হাট বাজার এলাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এতে অন্তত দুইজন আহত হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, ‘লাভিবের বাবা আহসানুল হক মমিন তার ছেলের জন্মনিবন্ধনের জন্য প্রত্যয়নপত্র দেওয়ার পরও পুনরায় বিদ্যালয়ে এসে স্বাক্ষরের অনুরোধ করেন। আমি তাকে জানাই, প্রয়োজনীয় স্বাক্ষর দেওয়া আছে। এ সময় তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘এটা হবে না। আপনাকে চাকরি দিয়েছে কে? আপনার তো চাকরি করার মতো কোনো যোগ্যতাই নেই।’ পরে আমাদের মধ্যে কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে তিনি লাইব্রেরিতে থাকা ছাতা ও চেয়ার দিয়ে আমার ওপর আঘাত করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’
অন্যদিকে আহসানুল হক মমিন বলেন, ‘আমার ছেলে শম্ভুপুর এম.আর. রেসিডেন্সিয়াল একাডেমির প্লে শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয় থেকে একটি প্রত্যয়নপত্র নেওয়ার পর সেখানে কিছু ভুল পাই। বিষয়টি সংশোধনের জন্য প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বললে তিনি উত্তেজিত আচরণ করেন। পরে প্রতিষ্ঠাতা রফিক মাস্টার বিষয়টি জানালে তিনি আমাকে খাসের হাট বাজারে সামছুলের চায়ের দোকানে দেখা করতে বলেন। সেখানে গেলে শিক্ষিকার স্বামী ও তার কয়েকজন স্বজন পূর্বপরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায়।’
ঘটনার সময় বিদ্যালয়ে উপস্থিত এক অভিভাবক বলেন, ‘মমিন ভাই লাইব্রেরিতে এসে ম্যাডামকে বলেন, এটা কী প্রত্যয়ন দিয়েছেন, এখানে সব ভুল। আপনাকে কে চাকরি দিয়েছে, আপনি তো চাকরি করার যোগ্য নন। এ নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে মমিন ভাই ম্যাডামকে ছাতা ও চেয়ার দিয়ে আঘাত করেন এবং একটি চেয়ার ছুড়ে মারেন। এরপর তিনি বিদ্যালয় থেকে চলে যান।’
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।