
চলতি জুন মাসে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৬৮ লাখ ডলারের সমান।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘চলতি জুন মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৫ কোটি ৫০ লাখ ডলার।’ অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৪৫৭ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ১০ শতাংশ বেশি।
এর আগে মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এপ্রিলে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এখন পর্যন্ত একক মাসের সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।
আগের অর্থবছর ২০২৪-২৫ সালে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক প্রবাসী আয়ের রেকর্ড।