
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।
১৭ জুন ২০২৬ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন নির্বাহীরা সরাসরি এবং সারা দেশের কর্মকর্তা-কর্মচারীরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন। ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ দেশের আর্থিক ব্যবস্থায় একটি পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ ব্যাংক। তিনি বলেন, দেশের আমদানি-রপ্তানি, প্রবাসী আয়, বৈদেশিক বাণিজ্য, লক্ষ লক্ষ উদ্যোক্তার ব্যবসা এবং কোটি মানুষের আর্থিক কার্যক্রমের সঙ্গে এই প্রতিষ্ঠানের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা শুধু প্রতিষ্ঠানের বিষয় নয়, এটি জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতারও একটি গুরুত্বপূর্ণ উপাদান।
তিনি আরও বলেন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা, পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রমের ফলেই ইসলামী ব্যাংক একসময় শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। গত কয়েক বছরে ব্যাংকটি নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তবে প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি কখনো হারিয়ে যায় না; সঠিক নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই শক্তিকে আবারও জাগিয়ে তোলা সম্ভব।
তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি এবং দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ ব্যাংক কিছু গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে। যথাসময়ে নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী একটি শক্তিশালী, দক্ষ এবং গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়াও সম্পন্ন হবে। তিনি ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।