
গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেইট এলাকায় অবস্থিত একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২০ জুন) দুপুরে ইকো গ্রীন ওয়েল কোম্পানি লিমিটেড নামের ওই কারখানায় আগুন লাগে। প্রতিষ্ঠানটি পোড়া মবিল ও পুরনো টায়ার গলিয়ে কেমিক্যাল উৎপাদন করত বলে জানা গেছে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ভেতর থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তা চারদিকে বিস্তার লাভ করে। এতে কারখানায় থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা দ্রুত নিরাপদে বের হয়ে আসেন।
স্থানীয়দের অভিযোগ, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অবৈধভাবে পরিচালিত এ ধরনের ঝুঁকিপূর্ণ কারখানার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। এর আগেও একই প্রতিষ্ঠানে ২০১৬ সালের ২৪ জানুয়ারি বয়লার বিস্ফোরণে নারীসহ ৬ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হন।
তারা অবিলম্বে কারখানাটি বন্ধ করে মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, এটি একটি অবৈধ ও ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান। আগুন নিয়ন্ত্রণের পর মালিকপক্ষ বা দায়িত্বরত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।