
বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ‘অবৈধ বাণিজ্য চুক্তি’ বাতিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক সংস্কারসহ ৭ দফা দাবিতে গাইবান্ধায় পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় শহরের ডিবি রোড, পুরাতন বাজার, ব্রিজ রোড ও পৌরসভা এলাকায় ‘দাবি সপ্তাহ’ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জেলা কমিটির সদস্য কাজী আবু রাহেন শফিউল্লা খোকন ও নিলুফার ইয়াসমিন শিল্পী।
বক্তারা বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোয় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের আর্থিক বোঝা এবং সিস্টেম লস কমিয়ে বিদ্যুতের মূল্য হ্রাসের সুযোগ থাকলেও সরকার সে পথে না গিয়ে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, বোরো মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করা হয়নি। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকেও কৃষকরা বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে শিল্পাঞ্চলে একের পর এক কারখানা বন্ধ হয়ে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছেন, যা মানুষের জীবন-জীবিকার সংকট আরও গভীর করছে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক সংস্কার, সংবিধানে মৌলিক অধিকার কার্যকরভাবে নিশ্চিত করা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবিও জানান বক্তারা।
পথসভা থেকে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ৭ দফা দাবি বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।