.jpg)
রাঙ্গামাটি শহরের শহীদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ রবিবার (২১ জুন) সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে হ্রদের পানিতে ভাসমান অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম মুক্তা বড়ুয়া (২৮)। তিনি চট্টগ্রামের পশ্চিম রাউজান এলাকার মৃত স্বপন বড়ুয়ার মেয়ে। মুক্তা তাঁর স্বামী অভিজিৎ বড়ুয়ার সাথে রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকার বিজিবি রোড সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ জুন) থেকে মুক্তা বড়ুয়া নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে গতকাল শনিবার পরিবারের পক্ষ থেকে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
আজ সকালে স্থানীয়রা হ্রদের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ কন্ট্রোল রুমে খবর দেয়। তথ্য পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান , মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।