দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালামের সভাপতিত্বে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম শহরের জামান ইন হোটেল অ্যান্ড সুইটসে উপজেলা পর্যায়ের এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপু রায়, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী প্রমুখ।
ফ্রেন্ডশিপের অ্যাকটিভ প্রকল্পের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রকল্প ব্যবস্থাপক লাবিবুল ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকাণ্ড তুলে ধরেন আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফুল ইসলাম মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিল্লুর রহমান।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভায় দুর্বল জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা দুর্বল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক বৈষম্য হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভা শেষে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়, যাতে দুর্বল জনগোষ্ঠীর সক্রিয় ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়।