
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ পেয়েছে। জনগণ দীর্ঘদিন ধরে এমন একটি সংসদের অপেক্ষায় ছিল, যেখানে তাদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
বুধবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, “১৭ বছর আমরা এ ধরনের কার্যকর সংসদ পাইনি। অতীতে এমন সংসদও দেখেছি, যেখানে নির্বাচিত প্রতিনিধি নিয়ে নানা প্রশ্ন ছিল। বিশেষ করে এরশাদ আমলের সংসদের সদস্য ছিলাম—সেই অভিজ্ঞতার কথা বলতে লজ্জা লাগে। অনেক সময় একজনকে নির্বাচিত ঘোষণা করা হলেও পরে অন্য কাউকে সংসদে দেখতে হয়েছে।”
তিনি বলেন, “এতদিন আবোল-তাবোল সংসদের পর এবার আমরা সত্যিকারের সংসদ পেয়েছি। ১৯৯১ সালের সংসদের পর এবারই একটি ভালো সংসদ দেখতে পাচ্ছি। অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অনেক যোগ্য ব্যক্তি নির্বাচিত হয়েছেন, যাদের রাজনৈতিক পরিচিতি আগে খুব বেশি ছিল না।”
ভোটারদের মনোভাব প্রসঙ্গে স্পিকার বলেন, জনগণ পরিবর্তন চেয়েছে এবং অতীতের সংসদ ও সংসদ সদস্যদের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট ছিল না। জনগণ একটি কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ প্রত্যাশা করে। তাই বর্তমান সংসদ সদস্যদের দায়িত্বও আগের চেয়ে অনেক বেশি।
তিনি বলেন, “জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব। সংসদের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করতে হবে এবং গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদকে প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, এ ধরনের আয়োজন সংসদ সদস্য ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে। একই সঙ্গে সংসদকে জনগণের আরও কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
ফল উৎসবে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, তথ্য কর্মকর্তাসহ বিপিজেএ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএ সভাপতি হারুন জামিল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো।