
চীনে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও কাজাখস্তানের সম্পর্ক নতুন মাত্রা পাওয়ার ইঙ্গিত মিলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের নানা বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই নেতা রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যকার সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ সময় ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার বিষয়ে উভয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হন। পাশাপাশি রাজনৈতিক পর্যায়, ব্যবসায়ী মহল এবং সাধারণ জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে নিয়মিত বৈঠক আয়োজনের ওপরও গুরুত্ব দেন তারা।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন।
আলোচনায় বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি খাত, কৃষিভিত্তিক ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ও গুরুত্ব পায়।
এ ছাড়া জাতিসংঘের অধীনে পানি কূটনীতি বিষয়ক একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার জন্য কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন কামনা করেন ওলজাস বেকতেনভ। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, এ উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন রয়েছে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।