
বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ ছন্দ ধরে রেখে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কলম্বিয়া। ডিআর কঙ্গোর বিপক্ষে এক গোলে জিতে গ্রুপ ‘কে’ থেকে প্রথম দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে লাতিন আমেরিকার প্রতিনিধিরা।
মেক্সিকোর ঐতিহ্যবাহী গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কলম্বিয়া। আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও ডিআর কঙ্গোর সুশৃঙ্খল রক্ষণ এবং গোলরক্ষক লিওনেল এমপাসির কয়েকটি গুরুত্বপূর্ণ সেভের কারণে প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা।
ম্যাচের ৮ মিনিটে দানিয়েল মুনিয়োজ বল জালে পাঠিয়ে উল্লাসে ভাসালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ফলে বিরতিতে যায় দুই দল গোলশূন্য সমতায়।
বিরতির পরও দীর্ঘ সময় গোলের অপেক্ষায় থাকতে হয় দর্শকদের। অবশেষে ৭৬তম মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। ডান দিক থেকে গড়ে ওঠা আক্রমণে বক্সের ভেতরে পাওয়া নিখুঁত ক্রসে কাছ থেকে প্রথম ছোঁয়ায় বল জালে জড়িয়ে দেন ডিফেন্ডার দানিয়েল মুনিয়োজ। তার গোলে এগিয়ে যায় কলম্বিয়া।
এর চার মিনিট পর লুইস দিয়াজও বল জালে পাঠিয়েছিলেন। তবে সেটিও অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচের শেষ ভাগে সমতায় ফেরার চেষ্টা চালায় ডিআর কঙ্গো, কিন্তু কলম্বিয়ার রক্ষণভাগ কোনো সুযোগ দেয়নি। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়ানরা।
এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘কে’র শীর্ষে অবস্থান করছে কলম্বিয়া এবং নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট। অন্যদিকে প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ড্র করা ডিআর কঙ্গোর সংগ্রহ ১ পয়েন্ট, তারা রয়েছে তৃতীয় স্থানে। গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালের পয়েন্ট ৪, আর কোনো পয়েন্ট ছাড়াই তলানিতে রয়েছে উজবেকিস্তান।