
কুমিল্লার প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পাচ্ছেন একজন নারী কর্মকর্তা। এ পদে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার।
রোববার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
একই প্রজ্ঞাপনে বর্তমান কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শিগগিরই মিজ্ রোজী আক্তার কুমিল্লায় নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, ভূমি প্রশাসনের কার্যক্রম, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।
প্রশাসনিক মহলে মিজ্ রোজী আক্তারের এই নিয়োগকে কুমিল্লার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
অন্যদিকে, কুমিল্লা থেকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন হওয়ায় বিদায়ী ডিসি মু. রেজা হাসানকেও প্রশাসনের বিভিন্ন স্তর এবং জেলার নানা শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।