
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে পরিচালিত এক অভিযানে বিএনপির এক নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার।
আটকদের মধ্যে রয়েছেন ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়েদ উল্লাহ জুয়েল (৪০)। অন্যরা হলেন শাহাবুদ্দিন (৪০), মোহাম্মদ জয়নাল আবেদিন (৩৩), আশরাফ ছিদ্দিকি (২৬), আল আতা ছাদেকি তুহিন (২৭) এবং রাসেল উদ্দিন (২৮)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভাড়া বাসায় নিয়মিত ইয়াবা সেবনের আসর বসার খবর পেয়ে অভিযান চালানো হয়। বাসাটি ঘেরাও করে দরজা খুলতে বলা হলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ফেলার সতর্কবার্তা দিলে দরজা খোলা হয়।
ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে জুবায়েদ উল্লাহ জুয়েল টয়লেটে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে আটক করা হয়। অভিযানে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এদিকে, ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ দাবি করেছেন, জুবায়েদের বিরুদ্ধে ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য, জুবায়েদের সঙ্গে আগে জামায়াতের কিছু নেতাকর্মীর সম্পর্ক ছিল। পরে তিনি বিএনপির দায়িত্ব পাওয়ার পর তাকে এবং দলকে বিতর্কিত করতে উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন।
তবে এ দাবির বিষয়ে জামায়াতের সংশ্লিষ্ট নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা নির্ধারণে তদন্ত চলছে।