
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে মো. আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে মুরাদপুরের ফরেস্ট গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার বাসিন্দা এবং মো. রশীদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফরেস্ট গেইট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দুর্বৃত্তরা আজাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গুলিবিদ্ধ আজাদকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।