
পুলিশ বাহিনীর নতুন ইউনিফর্ম কার্যকর হয়েছে। বুধবার (১ জুলাই) রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের মধ্য দিয়ে নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ সদস্যদের। নতুন ইউনিফর্মে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট নির্ধারণ করা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ক্যাম্পটির উদ্বোধন করেন। এ সময় তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, বুধবার থেকেই নতুন পোশাক পরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব সদস্যের কাছে নতুন ইউনিফর্ম পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই নতুন পোশাক পাবেন এবং দায়িত্ব পালন করবেন।
জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ সংস্কারের অংশ হিসেবে বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নতুন পোশাকের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী লোহা-ধূসর শার্ট ও কফি-বাদামি ধূসর প্যান্টের ইউনিফর্ম চালু করা হয়েছিল এবং গত বছরের ২৫ নভেম্বর তা কার্যকর হয়। তবে সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পরে সরকার পরিবর্তনের পর আবারও ইউনিফর্মের নকশা ও রং পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, শার্ট, ট্রাউজার, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণ হাতা পোশাকের রঙে পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটে খাকি রঙের ট্রাউজারের সঙ্গে গাঢ় নীল শার্ট পরতে হবে। শার্টে চারটি পকেট এবং সামনে সাতটি বোতাম থাকবে।
নারী পুলিশ সদস্যদের জন্যও পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তারা অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণ হাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের অনুমোদন নিয়ে সাধারণ পোশাক ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে মৌসুমভেদে শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণ হাতার শার্ট পরবেন পুলিশ সদস্যরা।