
আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও সাধারণ মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (১ জুলাই) বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, সংবিধানের সর্বোচ্চতা, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। তিনি জানান, বর্তমান সরকার সংবিধানের আলোকে ন্যায়বিচার, মানবাধিকার, সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মো. সাহাবুদ্দিন বলেন, বিচার বিভাগ, আইনজীবী, আইনবিষয়ক সাংবাদিক এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা নিশ্চিত করা গেলে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার পাওয়া আরও সহজ ও দ্রুত হবে।
তিনি আরও বলেন, আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে আইন সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি সহজ ভাষায় আইন বিষয়ে জনসচেতনতা তৈরিতেও তাদের অবদান উল্লেখযোগ্য।
রাষ্ট্রপতি আইন সাংবাদিকতায় পেশাদারিত্ব, নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব মোকাবিলায় সাংবাদিকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন।
এর আগে ল’ রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপতি। সংগঠনের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ নেয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।