
সারা দেশের সঙ্গে কিশোরগঞ্জেও আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে দেশের ৬৪ জেলা ও নির্বাচিত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, পুলিশ সুপারের প্রতিনিধি নাজমুস সাকিব খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও দর্শনের বহুমাত্রিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, নজরুলের সাম্য, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও মানবমুক্তির দর্শন আজও সমান প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মধ্যে তাঁর আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা কিশোরগঞ্জের সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে জেলা প্রশাসনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংস্কৃতিচর্চা, সৃজনশীল কর্মকাণ্ডের প্রসার এবং মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথাও তুলে ধরেন।
উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেন।