
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেছে জাতীয় সংগঠন জুলাই জোট। ২১ সদস্যের আংশিক এ কমিটি বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. মাবরুরুল হক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জামিল সিদ্দিকী। সিনিয়র সহসভাপতি করা হয়েছে সাইফুল্লাহ তামীমকে, সহসভাপতি মো. নায়েব আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনাস বিন ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সবুজ এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানকে।
এ ছাড়া দফতর ও প্রকাশনা সম্পাদক হিসেবে সাজিদ আবদুল্লাহ, প্রচার ও পরিকল্পনা সম্পাদক ইকরামুল মারজান চৌধুরী, শিক্ষা, পাঠাগার ও গবেষণা সম্পাদক রশিদ আহমদ তকি, অর্থ ও যোগাযোগ সম্পাদক আব্দুল্লাহ তানিম, সমাজকল্যাণ ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক কাজী আবু ফারাহ মুহাম্মদ জাইফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমান হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক এস এম মোজাম্মেল হক, ছাত্র ও যুবকল্যাণ সম্পাদক মো. শাহেদ কারীম ইমরুল, প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম, মিডিয়া ও অনলাইনবিষয়ক সম্পাদক মো. আসদুজ্জামান সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ফাহাদ হোসেন এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক ইফতেখার রাকিব দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে যুবায়ের ফাহিদ ও গাজী শরিফুল ইসলাম রাজুকে।
কমিটি ঘোষণার পর সংগঠনের নেতারা বলেন, জুলাই জোট শুরু থেকেই ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক চেতনা, সামাজিক ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে তরুণদের আদর্শিক, নৈতিক ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও সংগঠনের অন্যতম লক্ষ্য।
তাঁদের ভাষ্য, নতুন কার্যনির্বাহী পরিষদ দেশের বর্তমান বাস্তবতা ও জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যন্ত সম্প্রসারণে কাজ করবে। শিক্ষা, গবেষণা, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান, গণসচেতনতা, যুব নেতৃত্ব বিকাশ, মানবিক উদ্যোগ এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
সংগঠনের পক্ষ থেকে দেশের দেশপ্রেমিক তরুণ, শিক্ষার্থী, আলেম, বুদ্ধিজীবী ও সচেতন নাগরিকদের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।