.jpeg)
শেরপুরে নিখোঁজের একদিন পর এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহটি মাটির নিচে আংশিকভাবে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত কাজল মিয়ার (৪২), সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাজল মিয়া। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে স্থানীয় কয়েকজন ওই এলাকার রাস্তার পাশের ধানক্ষেতে কাদার নিচে আংশিকভাবে পুঁতে রাখা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, রাতের কোন সময় ইজিবাইকটি ছিনতাই করে তাকে মেরে মাটিতে পুতে রাখা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। একইসাথে এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।