
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১০ জুলাই) দুপুরে শহরের ঝুমুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাঁদের আটক করা হয়।
আটকরা হলেন এমরান গাজি ও জয়নাল আবেদিন। এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আদনান আরিফ রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমুর এলাকায় অবস্থান নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির পেছনে স্পেয়ার চাকার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে লক্ষ্মীপুর হয়ে নেত্রকোনায় নেওয়া হচ্ছিল। আটক এমরানের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মাদকবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।