
প্রশাসনে একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করা ১০ জন জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
পদোন্নতি পাওয়া জেলা প্রশাসকরা হলেন গাজীপুরের মো. নূরুল করিম ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জের আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর কাজী শহিদুল ইসলাম, নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান, ঢাকার ফরিদা খানম, টাঙ্গাইলের শরীফা হক, শরীয়তপুরের তাহসিনা বেগম, চট্টগ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মাগুরার মোতাকাব্বীর আহমেদ এবং পটুয়াখালীর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রথম প্রজ্ঞাপনে ১৭২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পরে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও অন্যান্য দপ্তরে কর্মরত আরও সাতজন উপসচিবকে একই পদে পদোন্নতির ঘোষণা দেওয়া হয়। ফলে মোট পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা দাঁড়ায় ১৭৯ জন।
পদোন্নতির তালিকা অনুযায়ী, প্রশাসন ক্যাডারের নিয়মিত ব্যাচের মধ্যে ২৫তম ব্যাচ থেকে ৯৯ জন, ২৪তম ব্যাচ থেকে ৪৭ জন এবং ২১ ও ২২তম ব্যাচের ৩৩ জন কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।