
গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে মালিকবিহীন ১৮টি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে। আগামীকাল সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা ১ মিনিটে আদালত চত্বরে এ নিলাম অনুষ্ঠিত হবে।
গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিএসআই মো. শরিফ জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা যানবাহনগুলো আদালতের অনুমতি সাপেক্ষে নিলাম মিস কেসের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। নিলামে মোট ১৯টি যানবাহন তোলা হবে। এর মধ্যে ১৮টি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল রয়েছে।
নিলাম কমিটি জানিয়েছে, নিলামে অংশ নিতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নির্ধারিত জামানত জমা দিতে হবে। মোটরসাইকেলের জন্য জামানত পাঁচ হাজার টাকা এবং বাইসাইকেলের জন্য এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নিলাম শেষে এ অর্থ ফেরত দেওয়া হবে। নিলাম কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসান।
গোবিন্দগঞ্জ চৌকি আদালত কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নিলাম কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।