
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা এলাকার পশ্চিম সোনারং এলাকার প্রবাসী যুবক নয়ন ফকির (২৫) ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত হওয়ার প্রায় আড়াই মাস পর তার মরদেহ দেশে পৌঁছেছে।
জানা যায়, গত ৩০ এপ্রিল ইতালির লেইজ শহরে পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে বড় ভাই হুমায়ুন ফকির (৩০) ছোট ভাই নয়ন ফকিরকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে হত্যার দায় স্বীকার করেন।
স্থানীয় সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ, টাকাপয়সার লেনদেন এবং দ্বিতীয় বিয়ে সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এসব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। হুমায়ুন ফকির স্থানীয় দেলোয়ার ফকিরের(৫৫) ছেলে।
ঘটনার খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করে।
আজ সকাল ১০টার দিকে নয়ন ফকিরের মরদেহ দেশে পৌঁছায়। পরে দুপুর ২টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা ঈদগাহ কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।