
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময় নতুন করে ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫৭০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
২২ জুলাই ২০২৬, বুধবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৫৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী।
এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪৯৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, ২০২৬ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।