
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে ইজিবাইকচালককে মারধরের ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকারচালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রফিকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং জীবিকার তাগিদে ইজিবাইক চালাতেন।
নিহতের স্বজনদের দাবি, রাতে রফিক ইজিবাইক নিয়ে ওই এলাকায় যাওয়ার সময় অসাবধানতাবশত একটি প্রাইভেটকারের সঙ্গে সামান্য ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রাইভেটকারচালক নাদিম রফিককে কিল-ঘুষি মারেন। এতে তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে রফিককে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিমরাইল এলাকার রেন্ট-এ-কার মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মাহমুদ বলেন, ‘আমাদের স্ট্যান্ডের চালক নাদিম (৫০)। তার বাড়ি আদমজী বিহারী কলোনি এলাকায়। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।’
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।