
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কারের পরিবর্তে নতুন করে ‘কুসংস্কারের’ জন্ম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি বিএনপি এবং দলটির শীর্ষ নেতাদেরও বিভিন্ন বিষয়ে কঠোর সমালোচনা করেন।
শনিবার (২৫ জুলাই) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধান মহল এলাকায় এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যখন তারেক রহমান বাংলাদেশে আসলেন, তখন চাঁদাবাজি দ্বিগুণ-তিনগুণ বেড়ে গেল। আমরা তাকে সতর্ক করে বলতে চাই বাংলাদেশ পরিবর্তিত হয়েছে। আগে গিয়াস উদ্দিন আল মামুনের সাথে মিলে যে দুর্নীতি ও চাঁদাবাজি করা হয়েছিল, শহীদ আবু সাঈদের এই নতুন বাংলাদেশে তা আর চলতে দেওয়া হবে না।’
নির্বাচন এবং পরবর্তী সংসদীয় কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচনে দুইশত সিট পেয়ে জনগণকে বৃদ্ধাঙুলি দেখানো হয়েছিল। সংসদে চপ্পুকে নিয়ে এসে জনগণের সাথে গাদ্দারি করা হয়েছে। আমরা ভেবেছিলাম দেশ সংস্কার হবে, কিন্তু সালাহউদ্দিনের কথায় দেশে এখন কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে।’
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ‘গত ৫ আগস্টের পর আওয়ামী দোসররা এই হালুয়াঘাট সীমান্ত এলাকা দিয়ে নিরাপদে ভারতে পার হয়েছে। শুধু তাই নয়, শরীফ ওসমান হাদীর ঘাতকরাও এই পথ ব্যবহার করেই পালিয়ে গেছে। এসব ঘাতক ও দোসরদের পালিয়ে যাওয়ার পেছনে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা আরও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ময়মনসিংহ জেলা এনসিপি নেতা জসীম উদ্দিন, হালুয়াঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু রায়হান, যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম খান, ময়মনসিংহ জেলা সাংগঠনিক সম্পাদক হাসনাত হৃদয়সহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।