
বিনামূল্যে খেলা দেখানোর পাশাপাশি আগামী ফিফা বিশ্বকাপকে সরকারের জন্য একটি লাভজনক আয়ে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার ভাষ্য, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে পরবর্তী বিশ্বকাপ সম্প্রচার থেকে বড় ধরনের মুনাফা অর্জনই সরকারের লক্ষ্য।
রোববার (২৬ জুলাই) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, এবারের ফিফা বিশ্বকাপ সম্প্রচারে সরকারি রাজস্বের এক টাকাও ব্যয় হয়নি। তিনি বলেন, ‘আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়; বরং বিজ্ঞাপনের বিশাল বাজার কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিকনির্দেশনা, সততা ও সুদূরপ্রসারী চিন্তার কারণেই দেশের বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষকে বঞ্চিত না করে এবং রাজস্বের টাকা খরচ না করেই এ বিশ্বকাপ সম্প্রচার সম্ভব হয়েছে।’
সরকারের ব্যয়সংকোচন নীতির কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকারের কৃচ্ছ্রতাসাধন নীতির মধ্যে থেকেও যাতে ফুটবলপ্রেমী মানুষ খেলা দেখা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিকল্প কাঠামো তৈরি করেই এই বিশাল সাফল্য এসেছে।’
আগামী বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘এবার আমরা শূন্য ব্যয়ে খেলা সম্প্রচার করার চ্যালেঞ্জে জয়ী হয়েছি। আগামী বিশ্বকাপে আমাদের লক্ষ্য শুধু ‘বিনা খরচে খেলা দেখানো’র মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বিজ্ঞাপনের বিশাল বাজার থেকে বড় ধরনের অর্থ উপার্জন করে একে একটি লাভজনক ইভেন্টে পরিণত করাই সরকারের লক্ষ্য।’