
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে আটকে মারধরের ঘটনায় বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়ে নবী হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতার কার্যালয়ের সামনে সালিসের নামে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের হাটপাড়া গ্রামের বাদল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নবী হোসেন হাটপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ ওঠা বিএনপি নেতা শামছুল ইসলাম ফারুক পাগলা থানা বিএনপির সাবেক সদস্য এবং উস্থি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। দলীয় সূত্র অনুযায়ী, গত বছর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে একই গ্রামের দুলাল মিয়ার ছেলে রবিন মিয়ার একটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় নবী হোসেনের নাতি মো. রানা (২০)-র বিরুদ্ধে অভিযোগ ওঠে। তিন দিন আগে এলাকায় ফেরার পর রোববার সন্ধ্যায় রানাকে ধরে বাদল মার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বেঁধে রেখে সালিসের নামে মারধর করা হয় বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাতিকে মারধর না করার অনুরোধ করেন নবী হোসেন। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হলে তাকে ধাক্কা দেওয়া হয় এবং বুকে কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় এক পল্লিচিকিৎসক তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাত ১০টার দিকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল রাতেই অভিযান চালায়। তবে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শামছুল ইসলাম ফারুকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘চুরির অভিযোগে এক যুবককে বেঁধে মারধর করা হচ্ছিল। এ সময় তার দাদা ঘটনাস্থলে এসে বাধা দিলে উপস্থিত লোকজন তার ওপর চড়াও হয়। ধাক্কাধাক্কি ও মারধরের একপর্যায়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’