
ঝালকাঠির রাজাপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূরকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাতে অভিযোগটি করেন রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা গণ অধিকার পরিষদের সদস্যসচিব মো. মনির হাওলাদার। অভিযোগে জগাইরহাট এলাকার বাসিন্দা মহিবুল্লা মহিবকে বিবাদী করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আসছেন। অভিযোগকারীর দাবি, একাধিকবার সতর্ক করার পরও তিনি এ ধরনের পোস্ট দেওয়া অব্যাহত রাখেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৬ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূরকে নিয়ে একটি পোস্ট প্রকাশ করেন। অভিযোগকারীর ভাষ্য, ওই পোস্টে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, পরে স্থানীয় লোকজন পোস্টটি অপসারণের অনুরোধ জানালে অভিযুক্ত অভিযোগকারী, তাঁর পরিবার এবং অন্যদের অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং খুন-জখমের হুমকি দেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
অভিযোগ দায়েরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল মুন, রাজাপুর উপজেলা গণ অধিকার পরিষদের সদস্যসচিব মো. মনির হাওলাদার, উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন হাওলাদার এবং ঝালকাঠি জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন সাজু।
এ বিষয়ে অভিযুক্ত মহিবুল্লা মহিবের বক্তব্য পাওয়া যায়নি। রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।