
কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর একটি খাল থেকে গোলাপী খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বাওয়ার গ্রামের পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গোলাপী খাতুন বাওয়ার গ্রামের বাসিন্দা সৈয়দ আলীর স্ত্রী। তিনি উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গি গ্রামের আব্দুল গফুরের মেয়ে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন গোলাপী খাতুন। এরপর বৃহস্পতিবার সকালে দুবলাবাড়ি গ্রামের পাশের খালে কৃষিকাজ করতে গিয়ে কয়েকজন কৃষক পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, গোলাপী খাতুনকে হত্যা করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।