
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে সরকারি অ্যান্টি-র্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন রোগীকে না দেওয়ার অভিযোগে দুই কর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে ১ হাজার ৩০ টাকা খরচ করে বাইরে থেকে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন কিনতে হয়েছে।
পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে মন্ত্রী জানতে চান, সরকারি ভ্যাকসিন হাসপাতালে মজুত থাকা সত্ত্বেও কেন তা রোগীদের দেওয়া হয়নি।
রোগীর স্বজনরা জানান, সকালে কুকুরের কামড়ে আহত এক নারী ভ্যাকসিন নিতে হাসপাতালে এলে তাকে জানানো হয়, হাসপাতালে ভ্যাকসিন নেই। পরে বাধ্য হয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনেন। ঠিক সেই সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে উপস্থিত হয়ে বিষয়টি জানতে পারেন।
ঘটনার সত্যতা পাওয়ার পর সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালে সরকারি ওষুধ ও সেবা প্রদানে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও সংশ্লিষ্টদের সতর্ক করেন।