
কুষ্টিয়ার কুমারখালীতে ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে পরিত্যক্ত একটি ব্যাগ ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তু, পেট্রল ও সার্কিটের মতো উপকরণ পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল টিম বস্তুটি নিষ্ক্রিয় করে।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়িতে তিন দিনের উৎসব চলছিল। সোমবার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হওয়ার কথা ছিল।
রোববার রাতে আখড়াবাড়ির কাছে একটি চায়ের দোকানের মালিক সাদা ব্যাগটি পড়ে থাকতে দেখেন। সেটি খুলে তিনি লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু, প্রায় দুই লিটার পেট্রল এবং সার্কিটের মতো দেখতে দুটি উপকরণ দেখতে পান। পরে তিনি বিষয়টি কুমারখালী থানা পুলিশ ও মেলা আয়োজক কমিটিকে জানান।
খবর পেয়ে পুলিশ, এসআরবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে আখড়াবাড়ির মূল ফটকও বন্ধ করে দেওয়া হয়।
রাত আড়াইটার দিকে ডিএমপির এসআরইউ ইউনিটের বম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিষ্ক্রিয় করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যাগটি কে বা কারা সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।