
ভারি বৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার ঝুঁকি নিয়ে সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। রোববার (১৮ অক্টোবর) জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় এ সতর্কতা দেওয়া হয়।
এনসিএমের পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় মাঝারি থেকে ভারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব বাতাস ধুলিঝড়ও সৃষ্টি করতে পারে। ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
এ ছাড়া জাজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়তে পারে। এতে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বিভিন্ন শহরে ৪২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা
বৃষ্টির সতর্কতার পাশাপাশি সৌদি আরবের বেশ কয়েকটি শহরে উচ্চ তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কেন্দ্র। দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। মক্কায় ৩৯ এবং রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
মদিনায় ৩৭ ডিগ্রি এবং জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। হেইলে তাপমাত্রা ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় তুলনামূলক কম তাপমাত্রা থাকতে পারে। আভাতে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং আল-বাহাতে ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
আর্দ্রতা বাড়ার পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আভা, আল-বাহা ও জাজানে বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। জেদ্দা ও দাম্মামে তা ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ হতে পারে।
এ ছাড়া তাবুক, আরার ও সাকাকায় আর্দ্রতা ৭০ শতাংশ, মদিনা ও হেইলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদাহতে ৩০ শতাংশ পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।