
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতির কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালানো হবে না। তাঁর ভাষায়, ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে।
এর আগে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে তিনি আশাবাদী। তবে একই সময়ে দেশটির বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর সম্ভাবনাও নাকচ করেননি তিনি।
গত মাসের শেষ দিকে ইরানের একটি প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন ট্রাম্প। এরপর দুই দেশের আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ে। ওই প্রস্তাবে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছিল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। এই নৌপথে চলাচল বন্ধ হয়ে গেলে বা বাধাগ্রস্ত হলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
তবে গত সপ্তাহে ইরান জানায়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা একটি পাল্টা প্রস্তাব পেয়েছে। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আশা প্রকাশ করেন, কয়েক দিনের মধ্যেই তেহরান ওই প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক জবাব দিতে পারবে।
ট্রাম্পের সর্বশেষ ঘোষণায় সামরিক উত্তেজনা কমার সম্ভাবনার ইঙ্গিত মিললেও দুই দেশের আলোচনার চূড়ান্ত ফল এখনো স্পষ্ট নয়।