
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রুশ বিমান হামলায় এক নারী নিহত হয়েছেন। হামলায় ২৫ তলা একটি আবাসিক ভবন, শহরের বাম তীরের একটি মেট্রো স্টেশন, কয়েকটি অনাবাসিক স্থাপনা ও একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো এসব তথ্য জানান। হামলার সময় রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী।
এদিকে, কয়েক দিনের বিরতির পর ইউক্রেনকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দেওয়া আবার শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এসব তথ্য রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনকে সুরক্ষা দিতে সহায়তা করবে।
বিশেষ করে রাশিয়ার ছোড়া দ্রুতগতির ক্ষেপণাস্ত্রের বিষয়ে আগাম সতর্কবার্তা পেতে মার্কিন গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে তথ্য বিনিময় পুনরায় শুরু হওয়াকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
চলতি মাসের শুরুর দিকে কিয়েভ সফর করেন যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনাবিষয়ক দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তাঁদের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রশাসন মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।