
রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১৫০ জনই মিরপুর বিভাগের।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপির হিসাব অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭, লালবাগে ৪১, ওয়ারীতে ৫০, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৭৬, মিরপুরে ১৫০, গুলশানে ১৮ এবং উত্তরা বিভাগে ৩৫ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ সাতজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ দুজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্যের পাশাপাশি পুলিশের অভিযানে নয়টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, ১ হাজার ৫০৫ টাকা এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।