
প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা অমান্য করে কেউ কোনো কাজ করলে তিনি যথাযথ সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে এ বিষয়ে তাঁর অবস্থানের প্রমাণ দিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) নতুন ভবন উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো কাজ হলে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে তাঁর কর্মকাণ্ডে তা প্রমাণিত হয়েছে।
এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আসাদুজ্জামান বলেন, এ ক্ষেত্রে তাঁদের জন্য আইনগত কোনো বাধা নেই। আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখনো একইভাবে অংশ নিতে পারবেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে সরকারের ওপর আস্থা রাখা উচিত।
এর আগে ঝিনাইদহ পিটিআই প্রাঙ্গণে নবনির্মিত একাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন তিনি। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটি নির্মাণ করেছে।