
প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর নিজের গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বাসা থেকে জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার পথে নিজ হাতে লোগোটি খুলে ফেলেন তিনি।
এ সময় ইশরাক বলেন, “দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।”
এর আগে সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথাও উল্লেখ করেন।
পোস্টে ইশরাক লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের উল্লাসসূচক মন্তব্য দেখেছেন তিনি। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁদেরও দেশে ফিরে আন্দোলনে যোগ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ইশরাক বলেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার পাশাপাশি দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
পোস্টে তিনি লেখেন, “মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে একটি মাদকবিরোধী অভিযানে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
১৮ অক্টোবর দিনভর বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ঘটনাটি বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি করে এবং সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।