
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, দেশে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধের ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা ইশরাক হোসেনকে ঘিরে সাম্প্রতিক ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে এসেছে।
তিনি অভিযোগ করেন, মাদক নির্মূলে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কার্যত অকার্যকর অবস্থায় রয়েছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা না থাকায় দেশের সীমান্তও অরক্ষিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে—সরকারের কর্মকাণ্ডে এমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
ইশরাকের পদত্যাগের পেছনের কারণ নিয়েও প্রশ্ন তোলেন আখতার হোসেন। তাঁর ভাষ্য, বিষয়টি কি কেবল অস্ত্র হাতে মাঠে নামার ঘটনার সঙ্গে সম্পর্কিত, নাকি এর পেছনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেরও কোনো যোগসূত্র রয়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। সীমান্ত সুরক্ষিত করার পাশাপাশি অবৈধ মাদকের প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।
আখতার হোসেন আরও বলেন, কেবল লোকদেখানো পদক্ষেপ কিংবা ইশরাকের পদত্যাগের মতো ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। সরকারের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এ বিষয়ে সরকারের প্রতি দাবি জানান তিনি।