.png)
মুন্সীগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে চর-রমজাবেগ এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার স্থানীয় এলাকাবাসী বেলা সাড়ে ১২টার দিকে মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে গজারিয়া থানা পুলিশ ও নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারে কাজ শুরু করে।
স্থানীয়দের সহযোগীতায় পুলিশ মরদেহ দুটি ট্রলারে করে নদী তীরে নিয়ে আসে। তবে মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি জানান, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করে। চর-রমজানবেগ এলাকার মেঘনা নদীর কচুরিপানার ভিতর থেকে প্রথমে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে সেখান থেকে ৫০ মিটার দূরে কচুরিপানার ভিতর ভাসমান অবস্থায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ দুটির পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।