
তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিনের সভাপতিত্বে ভোলার তজুমদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) বেলা ১১টায় অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন বলেন, ফেসবুকে কোনো তথ্য বা পোস্ট দেখেই সত্যতা যাচাই ছাড়া শেয়ার করা উচিত নয়। একটি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য মুহূর্তের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।
সভায় বক্তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ও অপপ্রচার ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা সামাজিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুজব প্রতিরোধে উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।