
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মুহাম্মদ আরাফাত (২৬) নামে এক যুবককে ধাওয়া করে কয়েকজন অস্ত্রধারী গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আরাফাত পাশের বুড়িশ্চর ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এর আগেই স্থানীয়রা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে গুলি করলে তিনি আহত হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।