
শেরপুরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তিন বোতল ভারতীয় মদ ও হেরোইন সেবনের সরঞ্জামসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে শহরের মধ্যশেরী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শ্যামল ভট্টাচার্যের স্ত্রী কৃষ্ণা ভট্টাচার্য (৪৬) এবং তার ছেলে অমিত ভট্টাচার্য (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যশেরী এলাকার একটি দু’তলা বাসার দ্বিতীয় তলায় অভিযান চালায় সদর থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক নারী কৌশলে পালিয়ে যায়। পরে ওই বাসা তল্লাশি চালিয়ে তিন বোতল ভারতীয় মদ ও হেরোইন সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা-ছেলেকে আটক করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ভাড়া বাসাটিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অপরিচিত ব্যক্তিদের ওই বাসায় যাতায়াত ছিল। বাসাটিতে নিয়মিত মাদকসেবনের আসর বসত। শুধু মাদকের আড্ডাই নয়, সেখানে প্রায় প্রতিদিনই দেহ ব্যবসা চলত বলেও অভিযোগ করেন তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।