
গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় নিহত শ্রমিক তৌফিক হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁর পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় তিনি নিহতের স্ত্রী সেতু মনি ও ভাই হারুন উর রশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক লাখ টাকা পরিবারের সদস্যদের হাতে তুলে দেন তিনি।
এরপর মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
কথোপকথনে তিনি তৌফিকের মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে সব সময় তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল হক জাহিদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামসহ অন্যরা।