
‘১৫১ নয়, আগামী সংসদে আমরা ২১২ আসন চাই’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ এইচ এম আব্দুল হালিম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘সীরাত (রাসূল সা.) সিম্পোজিয়ামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা এ এইচ এম আব্দুল হালিম বলেন, “১৫১ নয়, আগামী সংসদে আমরা ২১২টি আসন চাই। এখন বিরোধী দলের বেঞ্চে অনেক দাড়ি-টুপি পরিহিত মানুষকে দেখা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “সিরাতে রাসুলের আলোকে আমাদের শিশু, তরুণ ও সমাজের মানুষকে নৈতিক ও চারিত্রিকভাবে গড়ে তুলতে হবে। আমাদের নিজেদের মধ্যে যে ত্রুটি রয়েছে, সেগুলো দূর করতে হবে। আমরা ইসলামের সালাতের বিধান পালন করি, তাহলে সমাজে ঘুষ, দুর্নীতি ও প্রতারণা বন্ধ হয় না কেন?”
রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শের মাধ্যমে সমাজের মানুষকে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও চরিত্র গঠনমূলক বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে।
সিম্পোজিয়ামে জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান সীরাত আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতি আলী হাসান উসামা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ রেজাউল করিম।
এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হারুন আল-মাদানী, মাওলানা মো. ইসমাইল, মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী এবং সাইয়্যেদ মো. মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরী।
সিম্পোজিয়ামে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট নজির আহমেদ, সেক্রেটারী এ.আর. হাফিজ উল্যাহ, সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ এবং এডভোকেট মহসিন কবির মুরাদ।
সীরাত সিম্পোজিয়ামে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিকতা ও চরিত্র গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।