
খুলনার রূপসা উপজেলার এলাহিপুরে মো. বাপ্পি ওরফে ‘কলম বাপ্পি’ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে উপজেলার মোমিনবাগ ফ্রেশ ফুডসের পেছনে একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বাপ্পি ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সবুর খান জানান, মোমিনবাগ এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।